নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
সরল ইউনিয়নের মাটিতে যেন ছিল তার অদৃশ্য এক টান। বদলির আদেশ বারবার এসেছে, কিন্তু রহস্যময় কোনো শক্তির জোরে বারবারই ফিরে এসেছেন তিনি। অবশেষে সেই অধ্যায়ের আরেকটি পরিসমাপ্তি ঘটল। মাত্র এক মাসের ব্যবধানে আবারও বদলি হলেন সরল ইউনিয়ন পরিষদের বহুল আলোচিত প্রশাসনিক কর্মকর্তা হারুনুর রশিদ।
এর আগে তাকে কাথরিয়া ইউনিয়নে পাঠানো হয়েছিল। কিন্তু নানা তদবিরের পর তিনি আবারও ফিরে আসেন সরলে। তখন এলাকাজুড়ে প্রশ্ন উঠেছিল— “কি মধু রে বাবা এই সরলে?” সেই প্রশ্নের উত্তর আজও অজানা।
স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, বিতর্ক আর ক্ষোভের মুখে এবার আবারও সরতে হলো হারুনুর রশিদকে। নতুন আদেশ অনুযায়ী তাকে শেখেরখীল ইউনিয়নে বদলি করা হয়েছে। অন্যদিকে শেখেরখীল ইউনিয়নের সচিব রহিম উল্লাহকে পদায়ন করা হয়েছে সরল ইউনিয়নে। আগামী ২৫ জুন থেকে এই আদেশ কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক গোলাম মঈনুদ্দিন হাসানের স্বাক্ষরিত ১৫ জুনের অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, যতবারই বদলির নির্দেশ এসেছে, ততবারই প্রভাব, তদবির কিংবা অদৃশ্য শক্তির আশীর্বাদে হারুনুর রশিদ আবারও ফিরে এসেছেন সরল ইউনিয়নে। তাই নতুন বদলির খবরেও স্বস্তির পাশাপাশি রয়েছে সংশয়। অনেকের মুখে এখন একটাই প্রশ্ন— টাকার জোর, তদবির কিংবা ক্ষমতার ছায়ায় তিনি আবারও কি ফিরবেন সরলের মাটিতে?
সময়ই হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে। তবে আপাতত সরল ইউনিয়নের আকাশে বইছে স্বস্তির হাওয়া, আর জনমনে ঘুরপাক খাচ্ছে অপেক্ষা ও শঙ্কার মিশ্র প্রতীক্ষা।