চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উপ-বিদ্যালয় পরিদর্শক পদে নিয়োগ পেলেন বাঁশখালীর তাজুল

বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে উপ-বিদ্যালয় পরিদর্শক পদে নিয়োগ পেলেন বাঁশখালীর তাজুল ফাইল ছবি— বাঁশখালী টুডে।
নিজস্ব প্রতিবেদক:
অধ্যবসায়, মেধা ও নিরলস পরিশ্রমের পথ বেয়ে আরেকটি গৌরবময় অর্জনের সাক্ষী হলো বাঁশখালী। উপজেলার চাম্বল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সোনারখীল গ্রামের কৃতি সন্তান এবং নাপোড়া শেখেরখীল উচ্চবিদ্যালয়ের ২০০৩ ব্যাচের মেধাবী শিক্ষার্থী তাজুল ইসলাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামে উপ-বিদ্যালয় পরিদর্শক পদে নিয়োগ লাভ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

গ্রামের মাটিতে বেড়ে ওঠা এক স্বপ্নবাজ তরুণের এ অর্জনে আনন্দের জোয়ার বইছে পরিবার, আত্মীয়-স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর হৃদয়ে। স্থানীয়দের ভাষায়, তাজুল ইসলামের এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি পুরো সোনারখীল, চাম্বল এবং বাঁশখালীর গর্বের প্রতীক।

শিক্ষাজীবনের প্রতিটি ধাপে মেধা ও অধ্যবসায়ের উজ্জ্বল স্বাক্ষর রেখে এগিয়ে চলা তাজুল ইসলাম দীর্ঘদিন ধরে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করে আসছেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকার পাশাপাশি তিনি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অডিট অফিসার হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আজ তাঁর এই নতুন পদায়ন যেন পরিশ্রম, সততা ও যোগ্যতার স্বীকৃতিস্বরূপ এক নতুন মাইলফলক। নাপোড়া শেখেরখীল উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছায় সিক্ত করছেন।

স্থানীয় সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছেন, নতুন দায়িত্বে তাজুল ইসলাম তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা ও সততার আলোয় শিক্ষা প্রশাসনে আরও কার্যকর ভূমিকা রাখবেন এবং শিক্ষার মানোন্নয়নে অবদান রেখে নিজ অঞ্চল ও দেশের মুখ উজ্জ্বল করবেন। সোনারখীলের সেই মেধাবী শিক্ষার্থীর এই অর্জন আগামী প্রজন্মের জন্য হয়ে থাকুক স্বপ্ন দেখার সাহস, এগিয়ে যাওয়ার প্রেরণা এবং সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
143 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা