নিজস্ব প্রতিবেদক:
ঈদকে সামনে রেখে যখন বাঁশখালী-চট্টগ্রাম সড়কে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে, ঠিক তখনই ঘরমুখো মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাঁশখালী উপজেলা শাখা। ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে দলটির উদ্যোগে চালু করা হয়েছে ফ্রি বাস সার্ভিস।
বুধবার (২৭ মে) বেলা ১১টা থেকে চট্টগ্রামের নতুন ব্রীজ পিকআপ পয়েন্ট থেকে বাঁশখালী উপজেলা সদরের উদ্দেশ্যে দুটি বাস চলাচল করবে বলে জানিয়েছে এনসিপি নেতৃবৃন্দ। দলটির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো সাধারণ মানুষের যাতায়াত সহজ ও নির্বিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাওয়াদুল করিম বলেন, “প্রিয় বাঁশখালীবাসী, দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনতাকে জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে আগামী ২৭ মে বুধবার চট্টগ্রাম নতুন ব্রীজ থেকে বাঁশখালী জলদি পর্যন্ত এনসিপি বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে ফ্রি বাস ট্রিপের ব্যবস্থা করা হয়েছে। বেলা ১১টায় দুটি বাস জলদির উদ্দেশ্যে যাত্রা করবে ইনশাআল্লাহ। সবাইকে যথাসময়ে পিকআপ পয়েন্টে উপস্থিত থাকার অনুরোধ জানাচ্ছি।”
এদিকে এনসিপির এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তাদের দাবি, ঈদকে কেন্দ্র করে পরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার চাপের মধ্যে এমন উদ্যোগ স্বস্তি এনে দেবে ঘরমুখো মানুষের মাঝে।