☰

বাঁশখালীর মোস্তাফিজকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো গালফ নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬
বাঁশখালীর মোস্তাফিজকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করলো গালফ নিউজ স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সিআইপি
বাঁশখালীর কৃতি সন্তান, স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের ব্যবসায়িক সফলতা নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম জনপ্রিয় এবং বহুল প্রচারিত ইংরেজি সংবাদপত্র গালফ নিউজ। মোস্তাফিজুর রহমান বাঁশখালীর কৃতি সন্তান  প্রয়াত মাস্টার নজির আহমেদের ছেলে। তিনি সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান সিআইপির বড় ভাই।

 প্রতিবেদনটি বাংলায় অনুবাদ করেছেন বাঁশখালীর সাংবাদিক বেলাল উদ্দিন। প্রতিবেদনটি বাঁশখালী টুডে’র পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ: বাংলাদেশের বহুমুখী শিল্পশক্তি গড়ে তোলার গল্প

#গুণগত মান, নির্ভরযোগ্যতা ও টেকসই উন্নয়নই স্মার্ট গ্রুপের শিল্প নেতৃত্বের চালিকাশক্তি

গালফ নিউজ:
২০০০ সালে চট্টগ্রামের একটি ভাড়া করা ভবনে একক গার্মেন্টস কারখানা দিয়ে যাত্রা শুরু করে স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। আজ প্রতিষ্ঠানটি টেক্সটাইল, লজিস্টিকস, জ্বালানি, রিয়েল এস্টেট, কেমিক্যাল, মিডিয়া সহ বিভিন্ন খাতে ১১টি ব্যবসা বিভাগ পরিচালনা করছে এবং প্রায় ২৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ধারাবাহিক পুনঃবিনিয়োগ, উল্লম্ব সমন্বয় এবং দীর্ঘমেয়াদি কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি শিল্প কনগ্লোমারেটে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, “আমার লক্ষ্য শুধু একটি সফল পোশাক কারখানা পরিচালনা নয়, বরং একটি বহুমুখী শিল্পগোষ্ঠী গড়ে তোলা।”

২০০৫ সালে চিটাগাং ডেনিম মিলস্ চালুর মাধ্যমে স্মার্ট গ্রুপ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করে, যা উচ্চমূল্যের টেক্সটাইল উৎপাদনে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেয়। এরপর মোস্তাফিজুর রহমান মুনাফা পুনঃবিনিয়োগ, প্রাথমিক পর্যায় থেকেই টেকসই প্রযুক্তি গ্রহণ এবং দীর্ঘমেয়াদি চাহিদাসম্পন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ করেন। তিনি বলেন, “বর্তমানে আমার মূল মনোযোগ কৌশলগত পরিকল্পনা, নতুন উদ্যোগ এবং নিজস্ব লজিস্টিকস ও নদীপথ সুবিধাসহ একটি সমন্বিত বেসরকারি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দিকে।”

স্মার্ট গ্রুপের সাংগঠনিক সংস্কৃতি পাঁচটি অপরিবর্তনীয় নীতির ওপর প্রতিষ্ঠিত—গুণগত মান, কমপ্লায়েন্স, স্বচ্ছতা, অঙ্গীকার ও টেকসই উন্নয়ন। প্রতিটি খাতেই এসব নীতি অনুসরণ করা হয়। মোস্তাফিজুর রহমান বলেন, “কোনো প্রকল্প যদি এই মানদণ্ড পূরণ করতে না পারে, তাহলে আমরা সেটি গ্রহণ করি না।” কর্মজীবনের শুরুতে বিদেশি যৌথ উদ্যোগ অংশীদারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকেই এই দৃষ্টিভঙ্গি গড়ে উঠেছে বলে জানান তিনি।

গ্রাহক সন্তুষ্টির গুরুত্ব তুলে ধরে মোস্তাফিজুর রহমান বলেন, “গ্রাহক সন্তুষ্ট হলে তারা আবার ফিরে আসে এবং অন্যদেরও আমাদের সম্পর্কে জানায়। কিন্তু গুণগত মান নষ্ট হলে কোনো প্রচারণাই সেই ক্ষতি পূরণ করতে পারে না।”
বর্তমানে ৪৫ কোটি ডলারেরও বেশি বার্ষিক আয়ের এই প্রতিষ্ঠান বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ কৌশল নিয়ে এগোচ্ছে, যেখানে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অন্যতম অগ্রাধিকার বাজার। প্রতিষ্ঠানটি আমিরাতে দীর্ঘমেয়াদি উৎপাদনভিত্তিক কার্যক্রম গড়ে তুলতে আঞ্চলিক বিভিন্ন শীর্ষ অংশীজনের সঙ্গে আলোচনা করছে। এ লক্ষ্যে ইমার, ড্যামাক এবং সোবহা-এর মতো বড় রিয়েল এস্টেট ডেভেলপারদের সঙ্গেও যোগাযোগ চলছে।

মোস্তাফিজুর রহমান বলেন, “ইউএই’র বিনিয়োগকারী ও অংশীদারদের কাছে আমি চাই স্মার্ট গ্রুপকে একটি নির্ভরযোগ্য, গম্ভীর ও দীর্ঘমেয়াদি শিল্প অংশীদার হিসেবে দেখা হোক, যার রয়েছে সফলতার প্রমাণিত ইতিহাস। আমরা শৃঙ্খলা, কাঠামো এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তুলি।”

উপসাগরীয় অঞ্চলের বাইরে প্রতিষ্ঠানটি কাজাখস্তান ও আফগানিস্তানে কেমিক্যাল ও খনিজসম্পদ খাতেও বিনিয়োগের সুযোগ খতিয়ে দেখছে।

ব্যবসা সম্প্রসারণের মধ্যেও টেকসই উন্নয়ন স্মার্ট গ্রুপের মূল নীতির অংশ হিসেবেই রয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কারখানাগুলোতে ১৭ মেগাওয়াট ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপন করছে, যা ভবিষ্যতে সব কারখানার প্রধান বিদ্যুৎ উৎসে পরিণত করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি বর্জ্য ও নির্গমন নিয়ন্ত্রণ এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচিও পরিচালনা করছে।

এছাড়া প্রতিষ্ঠান গঠনের ক্ষেত্রেও তারা বিশেষ গুরুত্ব দিচ্ছে। মোস্তাফিজুর রহমান বলেন, শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, কমপ্লায়েন্স ও রিপোর্টিং নীতিমালা আরও সুসংহত করা হচ্ছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো স্মার্ট গ্রুপকে একটি সুশাসিত ও পেশাদারভাবে পরিচালিত প্রতিষ্ঠানে রূপ দেওয়া, যা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে দীর্ঘদিন ধরে এগিয়ে যেতে সক্ষম হবে।”

সূত্র: গালফ নিউজ
1115 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা