☰

বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা-কাটাকাটি: বাঁশখালীতে হামলার ঘটনায় ৬ জনের নামে মামলা

বুধবার, ২২ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনাল নিয়ে কথা-কাটাকাটি: বাঁশখালীতে হামলার ঘটনায় ৬ জনের নামে মামলা কিশোরগ্যাং লিডার মোরশেদ
নিজস্ব প্রতিবেদক, বাঁশখালী টুডে:
ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে বাঁশখালীতে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে গুরুতর আহত আয়েশা বেগমের ছেলে মো. রাশেদ মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি এলাকার বাসিন্দা মোহাম্মদ মোরশেদ (২৮), মো. ছৈয়দ (২১), মো. রাসেল (২২), মো. রাকিব (১৯), মো. ইসহাক (১৯) ও ওসমান (২২)।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২০ জুলাই ভোরে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে এলাকার কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ মোরশেদের সঙ্গে স্থানীয় তরুণ মোহাম্মদ রাকিবের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় এক দোকানদার বিষয়টি মীমাংসা করে দিলেও মোরশেদ রাকিবকে দেখে নেওয়ার হুমকি দেন।

এজাহারে আরও বলা হয়, কিছুক্ষণ পর সকালে রাকিব একটি বাড়িতে কাজ করতে গেলে মোরশেদ দলবল নিয়ে দা, লোহার রড ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালান। প্রাণ বাঁচাতে রাকিব চিৎকার করলে পাশের বাড়ির আয়েশা বেগম তাকে উদ্ধার করতে এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা আয়েশা বেগমের মাথায় দায়ের কোপ দেন। তিনি হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে তার হাতেও কোপ লাগে।

মাকে রক্ষা করতে এগিয়ে আসেন আয়েশা বেগমের মেয়ে রাবেয়া বেগম ও প্রতিবেশী মো. আজিম উদ্দিন। তাদের ওপরও চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালানো হয়। এতে তারাও গুরুতর আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মামলা বা সালিশের চেষ্টা করলে পুরো পরিবারকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

হামলায় গুরুতর আহত আয়েশা বেগম ও রাবেয়া বেগম বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকেরা তাদের শরীরে মোট ১১টি সেলাই দিয়েছেন বলে পরিবারের সদস্যরা জানান।

স্থানীয়দের অভিযোগ, হামলার নেতৃত্ব দেওয়া মোহাম্মদ মোরশেদ ওই এলাকার জাকের হোসেনের ছেলে। জাকের হোসেন এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। বাবার প্রশ্রয়ে মোরশেদ একটি কিশোরগ্যাং গড়ে তুলেছেন এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে মারধর ও হামলা চালানোর অভিযোগ রয়েছে তার গ্রুপের বিরুদ্ধে।

এ বিষয়ে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার বলেন, ‘মামলাটি রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হবে।’
323 জন পড়েছেন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি হচ্ছে বাঁশখালীতে উৎপাদিত চা পাতা